রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১০ জুন ২০২৫, ০৮:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই ঘণ্টা সরাইল লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে একটি রেস্টুরেন্টে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে আসেন স্থানীয়রা। এ সময় ওই রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতির খবর ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন কুট্রাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজন। তারপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ইত্তেফাক/এপি