মানিকগঞ্জে সাংবাদিক নেতার ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট : ১০ জুন ২০২৫, ১৭:১০

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েক যুবকের বিরুদ্ধে। রোববার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে এ বিষয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী সাংবাদিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান এসব বিষয় নিশ্চিত করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ে মোবাইল সার্ভিসিং দোকানের সামনে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। এ সময় বলড়া গ্রামের রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২), পিপুলিয়া গ্রামের অনিকসহ (২২) আরও ৩০-৪০ জন দোকানের সামনে আসেন। সাংবাদিক আবেদকে মেরে ফেলার হুমকি দেন নাজমুল। অমিত, অনিক তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। হামলার সময় সাংবাদিক আবেদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দেন। হামলা ঠেকাতে গেলে শাকিল মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি আহত হন।

ওসি মুহাম্মদ মুমিন খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার সাংবাদিক আবিদ হাসান। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ দিকে এ হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী।

ইত্তেফাক/এনটিএম/এমএএস