ঈদের ছুটি শেষ,  চাপমুক্ত যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৩:৪৪

ঈদের ছুটির শেষ দিনে যমুনা সেতুর পূর্ব-পশ্চিম মহাসড়কে যানজট, ধীরগতি ও যানবাহনের চাপের পর এখন স্বাভাবিক। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও নলকা এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

যমুনা সেতুর দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষ হয়। এছাড়া ১৫টি গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর উভয় পাশে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। এতে গতকাল শনিবার ভোর থেকে সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার পর্যন্ত ধীরগতি ও থেমে থেমে যানজট তৈরি হয়। এরপর রাত থেকেই উত্তরের পথে গাড়ির চাপ কমে যায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল ইত্তেফাককে জানান, ছুটির শেষে দিনে যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় গেছে ৩৩ হাজার ৩২৯টি পরিবহন। এসময় উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ছুটির শেষ দিনে সবাই কর্মস্থলে ফেরায় রবিবার মহাসড়কে গাড়ি ও যাত্রীর কোনো চাপ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, রাত থেকেই সড়কে তেমন গাড়ির চাপ নেই। রোববার ভোরের দিকেও মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল।

ইত্তেফাক/কেএইচ