ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৫৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

ফেনীর ফায়ার সার্ভিস সূত্রে জানায়, ভোরে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে একটি দ্রুতগামী ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদিয়া নামক স্থানে পৌঁছলে ট্রাকটি রাস্তার পার্শ্বের একটি গাছের সঙ্গে সরাসরি আঘাত করে দুমড়ে মুছড়ে যায়। এ সময় এলাকার লোকজন ট্রাকের চালক এবং হেলপারকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফেনী থেকে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের স্ট্যায়ারিংয়ে আটক মৃত অবস্থায় ট্রাকের চালক আশিক (২৮) এবং ট্রাকের হেলপার কাজলকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনীর আধুনিক সদর হাসপাতালে পাঠান। 

আরও পড়ুন: শ্যামনগরে ট্রাক চাপায় নারী নিহত

নিহত চালক আশিকের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া খোলা বাজার এবং আহত হেলপার কাজলের বাড়িও একই জায়গায় এবং তারা মামাত ফুফাতো ভাই বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ কবির ইত্তেফাককে জানান।

ইত্তেফাক/কেকে