দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

আপডেট : ১৬ জুন ২০২৫, ২০:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১৯ জনই বরিশাল বিভাগের। যদিও এই সময়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে পাঁচ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ১৯০ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৮৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইত্তেফাক/এএম/এনটিএম