লিবিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন।
প্রত্যাবাসনকৃত এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
দূতাবাস থেকে আরও জানানো হয়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
