নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৭:২০

নড়াইলের কালিয়ায় নববধূকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বালুবাহী ট্রলিচাপায় নিহত হয়েছেন আজিজুর রহমান (৩৫) নামের এক সৌদি প্রবাসী। এতে গুরুতর আহত হয়েছেন নববধূও।

সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজুর রহমান পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় তিন মাস আগে দেশে ফিরলেও গত দুই দিন আগে কামশিয়া গ্রামে বিবাহ করেন। নতুন বউ নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি থেকে পানিপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে জয়নগর ইউনিয়নের  মেইন রাস্তায়  বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আজিজুর এবং সঙ্গে থাকা তার নববিবাহিত স্ত্রীও গুরুতর আহত হন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আশিকুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রলিটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘

ইত্তেফাক/এএম