আমরা জানি খামেনি কোথায়, তাকে এখনই হত্যা করছি না: ট্রাম্প

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:০০

এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার। 

মঙ্গলবার (১৭ জুন) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা জানি, খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে তিনি সেখানে নিরাপদ। আমরা অন্তত এখনই তাকে হত্যা করতে যাচ্ছি না।’

তবে একইসঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক, তা চাই না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’

আরেকটি পোস্টে ট্রাম্প সম্পূর্ণ বড় অক্ষরে লেখেন. ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’ এর আগে তিনি ইরানকে ‘সম্পূর্ণরূপে নতি স্বীকার’ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।

ইত্তেফাক/এমএএম