চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশ ইন করলো বিএসএফ

আপডেট : ১৮ জুন ২০২৫, ১২:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৮ জুন) ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠোনো হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটকদের ২০ জনের মধ্যে ১০ শিশু। আর সাত নারী ও বাকিরা পুরুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের অবৈধভাবে ঠেলে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের হরিয়ানায় সেখানকার পুলিশ ইটভাটায় কাজের সময় ওই ২০ জনকে আটক করে। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশইন করে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, বিজিবির হেফাজতে থাকা ২০ জনের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে। 

ইত্তেফাক/এপি