মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৪৩

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। 

ড. খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ইত্তেফাক/কেএইচ