গাংনী হাসপাতালের চিকিৎসকের উপর হামলাকারী গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:০৭

গাংনী হাসপাতালের চিকিৎসক এম কে রেজার উপর হামলাকারী ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয়কে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টায় গাংনী শহরের সুন্দরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গাংনী থানার এসআই হাবিব (সিনিয়র) জানান, ডাক্তার রেজার উপর হামলাকারী ডিগ্রী কলেজ পাড়ার মন্টুর ছেলে বিজয় পৌর এলাকার ৯নং ওয়ার্ডের সুন্দরী পাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওবাইদুর রহমান জানান, হামলার ঘটনায় ডাক্তার এম কে রেজা বাদী হয়ে বিজয়ের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, বিজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে বিজয়ের কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। 

আরও পড়ুন:  ভারতীয় হাই কমিশনারের সঙ্গে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মতবিনিময়

উল্লেখ্য, গত রবিবার দুপুর ২টায় গাংনী হাসপাতাল কোয়ার্টারে একটি রিপোর্ট দেখাকে কেন্দ্র করে গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় হোসেনসহ তার ক্যাডার বাহিনী ডাক্তার এম কে রেজার উপর হামলা করে। এ ঘটনায় তাৎক্ষনাৎ বিজয়সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

ইত্তেফাক/জেডএইচডি