নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের তিনটি গ্রামে টর্নেডোর প্রচন্ড আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় অসংখ্য গাছপালা উপচে পড়ে এবং বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়। ঘর চাপা পড়ে কামাল হোসেন (৪৫) সহ দুইজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর, দেবীসিং পুর ও গোপালপুর গ্রামের ওপর দিয়ে দুই থেকে তিন মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে এ সব ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিন উল্লা ইত্তেফাককে বলেন, দুই থেকে তিন মিনিট স্থায়ী এ আকস্মিক টর্নেডোর আঘাতে বিষ্ণুপুর গ্রামের আটটি, দেবীসিংপুর গ্রামের সাতটি এবং গোপালপুর গ্রামের ছয়টি বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। তাছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩০টি বসত ঘরের। এসময় বহু গাছপালা উপছে পড়ে এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে টর্নেডোর পর থেকে এ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন বৃহস্পতিবার দুপুরে ইত্তেফাককে বলেন, টর্নেডোর ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয়ভাবে জানার পর বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। ইউনিয়ন পরিষদকে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।
