মেলান্দহে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, রেল যোগাযোগ শুরু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১০:০৩

মেলান্দহে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট-বসতি-শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির নিচে।

পানি কমায় সোমবার থেকে এ উপজেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। এরআগে ৭দিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

উপজেলার বিভিন্নস্থানে গিয়ে দেখা গেছে, বানভাসিদের দুর্ভোগ লাগব হয়নি। মানুষের দুর্গতি স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। খাদ্য-পানীয় সংকট চলছেই। চাহিদার তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল।

পিআইও আ. রাজ্জাক জানান, এখন পর্যন্ত লক্ষাধিক টাকা এবং ১১৫ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রায় ১২ হাজার বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২২ জুলাই পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আনোয়ার বিন খালিদ ৮শ বন্যার্ত মানুষের মধ্যে খিচুড়ি এবং ১১০ জনের মধ্যে ১০ লিটার মিনারেল ওয়াটার বিতরণ করেছেন।

আরো পড়ুন: বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা প্রশাসক আহমেদ কবির, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও তামিম আল ইয়ামীন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ওদিকে বেসরকারিভাবে ৫ হাজার বন্যার্ত নারী-পুরুষ ও শিশুদের মধ্যে সাড়ে ১২ লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় ব্যক্তি উদ্যোগে পরিচালিত দুটি লঙ্গরখানা বন্ধ রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি