সাদমানের ফিফটিতে লিড বড় হচ্ছে বাংলাদেশের 

আপডেট : ২০ জুন ২০২৫, ১৬:০৬

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে বাংলাদেশ।  জবাবে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ১০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ফিফটি তুলে নিয়েছে ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাটে ভর করে লিড বাড়ছে বাংলাদেশের। 

১০ লিড নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। ২০ বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার সাদমান। ৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে সুবিধা করতে পারেননি মুমিনুল। দলীয় ৬০ রানে ৪০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সাদমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে ফিফটি তুলে নেন সাদমান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০১ রানের লিড সফরকারীদের।  

ইত্তেফাক/জেডএইচ