কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌরসভা এলাকার মৃত ছেলে মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি মো. আব্দুল্লাহ।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অটোরিক্সাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর তিনি মারা যান। সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে ৯৯ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবুল কাশেম ওমানী সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। গত বছরের ৫ আগষ্টের পর তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
