মার্কিন হামলার পর ইসরায়েল থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে। এ নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
এক্সে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ‘সাহসী সিদ্ধান্ত নিয়ে হামলা পরিচালনা করার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে।’
তিনি আরও দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বেই এই ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বাস্তবায়ন হয়েছে।
এর আগে শনিবার (২১ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালের এক পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ফোর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে। বর্তমানে হামলায় অংশ নেওয়া সব বিমান ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। সফল অভিযানের জন্য মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়।’
আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারি বোমার আঘাতে মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
