ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক কারবারি মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে রোববার (২২ জুন) মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল এলাকার কারবারি শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় সেনাবাহিনীকে সহায়তা করে দোহার থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক ও অস্ত্র দোহার থানায় হস্তান্তর করা হয়।

