কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে এক প্রতিবন্ধী মহিলার ওপর হামলার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ২ শতাধিক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসিনা বেগম (৬০) নামে এক প্রতিবন্ধী মহিলা শিতলাইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গেলে তাকে ছেলেধরা গুজবে পিটিয়ে আহত করে স্থানীয়রা। মানসিক ভারসাম্যহীন হাসিনা বেগম থানা সংলগ্ন মাস্টারপাড়া এলাকার আশিকুর রহমান রনির শাশুড়ী। এখান থেকে তার চিকিৎসা চলছিল বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে আশিকুর রহমান রনি দৌলতপুর থানায় প্রায় ২ শতাধিক ব্যাক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ৩৭।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বামনের কুড়ার ব্রিজ যেন মরণফাঁদ
দৌলতপুর থানার ওসি আযম খান জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ১৬ জনসহ ২০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
