ইসরায়েলের ওপর হামলা থামছে না: আইআরজিসি প্রধান

আপডেট : ২২ জুন ২০২৫, ২৩:৪৯

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, জায়নিস্ট সরকারের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তাতে কোনও বিরতি নেই। 

রোববার (২২ জুন) আইআরজিসি কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শীর্ষ কমান্ডার বলেন, 'আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি।'

তিনি বলেন, আইআরজিসি এরোস্পেস ফোর্স ইউনিটগুলো ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে।

ইসরায়েলি আগ্রাসনের পর ইরানি জনগণের মধ্যে ক্রমবর্ধমান সংহতির প্রশংসাও করেন পাকপুর।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সরকার ১৩ জুন ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসনের যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে ৪০০ জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা রয়েছেন।

ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। অপারেশন 'ট্রু প্রমিজ ৩'-এর অংশ হিসেবে এখন পর্যন্ত ইসরায়েলে ২০টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইত্তেফাক/এসকে/এমএএম