রংপুরের পীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যমুনা রানী (৩৬) নিহত হয়েছেন। নিহত যমুনা রাণী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুরের রনজিত চন্দ্রের স্ত্রী। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বালুয়া-লালদিঘী সড়কের মকিমপুরের কালা পীর সাহেবের দরগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা রানী গোবিন্দগঞ্জের রামপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-আনারুল ইসলামের মোটর সাইকেলে পীরগঞ্জের আনন্দনগর যাচ্ছিলেন। পথে বিপরিত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের (নং ঢাকা-মেট্রো-ট-১৮-৭০২৭) সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যমুনা রানী ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
আরও পড়ুন: পাবনায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও মোটর সাইকেল চালক শিক্ষক আনারুলকে আটক করেছে। ট্রাক চালক পলাতক।
ইত্তেফাক/নূহু
