ভূতুড়ে মামলায় বারবার রিমান্ডে নেওয়ার অভিযোগ শাজাহান খানের

আপডেট : ২৩ জুন ২০২৫, ১৩:১০

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড শুনানিতে নিজের বক্তব্য দিতে গিয়ে আদালতের অনুমতিক্রমে শাজাহান খান বলেন, 'এই মামলাগুলো ভূতুড়ে। বারবার আমাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে?' তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে বলেন, 'আপনি তো বিএনপির বড় নেতা ছিলেন, এখন কেন আমাদের বিরুদ্ধেই এসব করছেন?'

জবাবে পিপি ওমর ফারুক বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছেন। অভিযুক্তরা সাধারণ কেউ নন, তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি। তারা মিডিয়ায় প্রকাশ্যে বলেছেন, আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, 'আমরা এসব মামলায় নিজে থেকে কিছু করিনি, ভুক্তভোগীদের পরিবারই মামলা করেছে। আমরা শুধু আইন অনুযায়ী আদালতে শুনানি করি।'

শুনানি শেষে শাজাহান খানসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আনিসুল হক ও সালমান এফ রহমানেরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড মঞ্জুরের পর এজলাস কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের দেখে হাসেন শাজাহান খান। তিনি বলেন, 'তোমরা কেমন আছ?' এরপর আরও বলেন, 'এক হাতে তালি বাজে না। মব তৈরি করে মানুষ হত্যা করল, তার বিচারও তো হতে হবে।'

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২১ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র নেতা সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তার মৃত্যু হয়।

এই ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে দমননীতির সিদ্ধান্ত থেকেই এই হামলা হয়েছে।

ইত্তেফাক/টিএইচ