বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছেড়ে দিতে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর তিনি আর অধিনায়ক হিসেবে থাকছেন না। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
সোমবার (২৩ জুন) কলোম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। এ সময় অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, 'আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।'
শান্ত আরও বলেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করবো এটা কীভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’
ভালো পারফর্ম করেই অনেকেই অবসর নেয়, কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তর ক্ষেত্রেও এমন হবে কি না, জবাবে তিনি বলেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’
