দেখতে দেখতে শেষের পথে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। 'বি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ রাতে। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ 'বি' থেকে রাউন্ড ষোলোতে খেলার টিকিট অনেকটাই নিশ্চিত করেছে বোতাফোগো। উড়তে থাকা পিএসজিকে হারের স্বাদ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে অবস্থান করছে দলটি। কিন্তু দলটির এখনো রয়েছে শঙ্কা।
তবে টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপ 'বি' থেকে রাউন্ড ষোলোতে উঠার দৌড়ে ফেভারিট ছিল পিএসজি এবং অ্যাতলাটিকো মাদ্রিদ। গ্রুপ পর্ব থেকে দুই দলের যে কোনো এক দলের বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি ড্রয়ে চার পয়েন্ট করে স্প্যানিশ এবং ফরাসি ক্লাব দুটি। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকা চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি আছে টেবিলের দুই নম্বরে এবং অ্যাতলাটিকো আছে টেবিলের তিন নম্বরে। আজ যদি পিএসজি এবং অ্যাতলাটিকো দুই দলই জয় নিয়ে মাঠ ছাড়ে, তখনো টেবিলের সেরা তিন দলের মধ্যে গোল ব্যবধানে যারা এগিয়ে আছে তারাই খেলবে রাইন্ড ষোলো।
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ রাত ১টায় ভিন্ন মাঠে নামছে পিএসজি এবং অ্যাতলাটিকো। যেখানে স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ দুই ম্যাচ জেতা বোতোফোগো। যেই পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। সেই পিএসজিকে হারের স্বাদ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। যার কারণে এ ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক অ্যাতলাটিকো বস। সিয়াটেলের বিপক্ষে জয়ের পর সিনিওনে বলেছিলেন, এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল। অর্থাৎ ফাইনালের মতো করে বোতোফোগোর বিপক্ষে লড়াই করবেন তারা।
বোতোফোগোর বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে স্প্যানিশ ক্লাবটির সুযোগ থাকবে রাউন্ড ষোলোতে যাওয়ার। তবে এসবের মধ্যেও রয়েছে যদি কিন্তু। একই সময় ফরাসি ক্লাবটি মাঠে নামবে সিয়াটেলের বিপক্ষে। যা তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ইতিমধ্যে ক্লাবটি বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে স্বাগতিক দল হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজরা। এবার নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে ইন্টার মায়ামি।
এবার স্বাগতিকদের প্রতিপক্ষ টুর্নামেন্টে চমক দেখানো পালমেইরাস। ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে আগামীকাল সকাল ৭টায় মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে মেসিবাহিনী। 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে পালমেইরাস। এক জয় এবং এক ড্রতে দলটির পয়েন্ট তিন। অন্যদিকে পালমেইরাসের মতো এক ড্র এবং এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। এই ম্যাচে যে দল জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড ষোলোতে যাবে।
