ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কচুয়ার মোড় নামক স্থানে সৎ পিতা কামাল উদ্দিনের হাতে শিশু পুত্র বাকপ্রতিবন্ধী স্বাধীন (৪) খুন হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক পিতাকে আটক করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কামাল উদ্দিন নিজ বসতঘরে গলাটিপে শিশুপুত্রকে হত্যা করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী বাড়িতে ঝগড়া করে। স্ত্রী উম্মে কুলসুম শিশু সন্তান বাকপ্রতিবন্ধী স্বাধীনকে (৪) রেখে অন্যত্র চলে যায়। দুপুরে বাড়িতে এসে দেখে তার স্বামী কামাল উদ্দিন শিশুপুত্রকে গলাটিপে হত্যা করেছে। বিষয়টি জানাজানি হলে এলাবাসী ঘাতক পিতা কামাল হোসেনকে আটক করে।
উম্মে কুলসুম জানায়, সন্তান নিয়েই কামাল উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী কামাল তাকে মারপিট করতো। তিনি অভিযোগ করেন, ঝগড়ার সূত্র ধরেই তার স্বামী তার প্রতিবন্ধী পুত্রকে গলাটিপে হত্যা করেছে।
আরও পড়ুন: পীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানায়, বাকপ্রতিবন্ধী শিশুপুত্র হত্যার ঘটনায় সৎপিতা কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
