জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পেতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করছেন গ্রাহকেরা। সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শত শত প্রতারিত গ্রাহকরা মাদারগঞ্জ সদরের শহীদ মিনারে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ করে উপজেলা পরিষদের সামনে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা পরিষদের সকল অফিসের কাজকর্ম বন্ধ থাকে। এসময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাঈফ বিক্ষোভকারীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে গ্রাহকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে সমবায় সমিতির অর্থ উদ্ধার সমন্বয় কমিটির ব্যানারে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে, এত বক্তব্য রাখেন সমবায় সমিতির অর্থ উদ্ধার সমন্বয় কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু,মাফিজুল ইসলাম মাফিজ, আঃ রহিম সোনা, রকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতারিত গ্রাহকদের টাকা না আদায় পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫.৩৫) বিক্ষোদ্ধ গ্রাহকরা উপজেলা পরিষদে অবস্থান করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
গ্রাহকদের উচ্চ সুদের লোভ দেখিয়ে আল আকাবা, সমবায় সমিতি, শতদল, স্বদেশ, নবদ্বীপ,রংধনুসহ শতাধিক সমবায় সমিতি মাদারগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ হাজার লোকের কাছ থেকে ৭শ ৫০ কোটি টাকা আমানতের নামে টাকা আত্মসাৎ করে অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছে। ওইসব সমবায় সমিতির সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা দেয়ার দাবি করেন।
প্রশাসনের পক্ষ থেকে টাকা ফেরত এবং বিচারের আশ্বাস না দেয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান করবেন বলে আহবায়ক শিবলুল বারী রাজু জানান।
