দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৫৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া যৌন-পল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত নজরুলের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানান তিনি। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নজরুলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও জুয়ার মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোনও এক সময় তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমান-খান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকানি ছিলেন। 

এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইত্তেফাক/এএইচপি