‘উস্কানি’ দিলে আরও জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসি’র

আপডেট : ২৪ জুন ২০২৫, ০০:৪৫

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। বাহিনীটি এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে আরও যে কোনো আগ্রাসন আসলে তার বিরুদ্ধেও জবাবের হুঁশিয়ারি দিয়েছে। লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর আইআরজিসি'র এই বিবৃতি এলো।

আল জাজিরা জানিয়েছে, তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রচারিত এক কঠোর ভাষায় বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দেয়, আরও যে কোনো আগ্রাসন আসলে, তার বিরুদ্ধে বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান তার 'সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনকে কখনো জবাবহীন রাখবে না।'

আইআরজিসি জানিয়েছে, এই অভিযানটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, 'জায়নিস্ট সত্তা' ভেঙে না ফেলা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমএএম