পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক কলেজপড়ুয়া তরুণী (২০)। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে তারেকের বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচি শুরু করেন।
তরুণীর অভিযোগ, তারেকের মা তাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যান। পরে ওই তরুণী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেন।
তরুণী জানান, দেড় বছর আগে বৈশাখী মেলায় তারেকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তারেক তাকে কুয়াকাটাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।
তবে তারেকের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য না মিললেও তার বাবা ফারুক মৃধা বলেন,‘আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার ছেলে তারেকে ছয় মাস আগে বিয়ে করেছে। আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে এই মেয়ে প্রেমের নাটক সাজানো হয়েছে। এই মেয়ের আগেও অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। এটা তাদের একটা ব্যবসা।’
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, 'শুনেছি মেয়েটির সঙ্গে তারেকের প্রেমের সম্পর্ক ছিল। আগেও সে একবার এ বাড়িতে এসেছিল। আজও অবস্থান করতে দেখেছি।'
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, 'ঘটনাস্থলে গ্রামপুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।'
