বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৪ জুন ২০২৫, ২১:৩৩

বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সকল অযৌক্তিক কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৪ জুন) সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে কোটা প্রথা বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেওয়াসহ প্রয়োজনে আবারও রক্ত দেবেন বলে জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারো রক্ত দেখতে চায়’, ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাই এর সাথে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা’, ‘কোটা বিলুপ্তিতে আবারো রক্ত দেব’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার কোটা বন্ধের যৌক্তিক দাবি জানানোর পরেও বর্তমান প্রশাসন কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। কোটার মতো এই বাটপারি পদ্ধতির সুবিধাভোগী কোনো শক্তিশালী চক্রের কাছে তারা জিম্মি। তাদের এই রহস্যজনক ভূমিকা আজ সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও অনাস্থার জন্ম দিয়েছে। অনতিবিলম্বে অযৌক্তিক কোটা বাতিল না করলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থান এতোগুলো ভাইয়ের শাহাদত বরণের পরেও এখনো বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোটা প্রথা বহাল থাকে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের কোটা প্রথার বিলুপ্তি চাই। যদি কোটা বাতিল করা না হয় তাহলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ইত্তেফাক/এএইচপি