ঢাকা মেডিক্যাল কলেজে

ছাত্র প্রতিনিধিরা ক্লাস বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল

আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:২৭

ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা বর্জনের গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৮ দিন অতিবাহিত হয়। ছাত্রছাত্রী প্রতিনিধির পক্ষ থেকে আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে মেডিক্যাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত না ৮২ ব্যাচের ছাত্রছাত্রীদের (নতুন ভর্তিকৃত) আবাসন নিশ্চিত করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।

গত ৬ জুন থেকে ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রছাত্রীরা নিরাপদ আবাসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন। আজ থেকে ক্লাস ও পরীক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, ‘ছাত্রছাত্রীদের প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে তাদের দাবিগুলোর সঙ্গে তিনি এবং শিক্ষকগণ একমত পোষণ করেছেন। দাবি বাস্তবায়নে বর্তমান হোস্টেলে থাকার যে ব্যবস্থা রয়েছে, সিনিয়র-জুনিয়র মিলে থাকতে পারে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ অধ্যক্ষ ও শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন।

ইত্তেফাক/এমএএম