ট্রাম্প-এরদোয়ানের সাক্ষাৎ: ইরান-ইসরায়েল প্রসঙ্গ

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৫৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এসময় তুর্কি প্রেসিডেন্ট ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া’ ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। 

মঙ্গলবার (২৪  জুন) হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে এ সাক্ষাতে তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতি অনুসারে, প্রেসিডেন্ট এরদোয়ন ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া’ ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন এটি স্থায়ী হবে, এছাড়া গাজা সংকটের অবসান এবং ইউক্রেন নিয়ে সংলাপের আহ্বান জানান।

সাক্ষাতে এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার শক্তিশালী সম্ভাবনা তুলে ধরেন। 

এসময় তিনি উল্লেখ করেন, সম্পর্ক উন্নত করলে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করতে পারে।
 
প্রেসিডেন্ট এরদোয়ন এবং ট্রাম্প উভয়ই জোটের নেতৃস্থানীয় মিত্র হিসেবে ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেন। 

সূত্র: আরব নিউজ 

 

ইত্তেফাক/পিএস