মেক্সিকোতে ধর্মীয় উৎসবের সময় বাড়িতে গুলিবর্ষণ, কমপক্ষে ১০ জন নিহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ২০:৩৮

মেক্সিকোর শহর ইরাপুয়াতোতে একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় একটি ধর্মীয় উৎসবের সময় গুলি চালানোর ঘটনাটি ঘটে।

স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের বরতে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে।

ইরাপুয়াতোর বেসামরিক নিরাপত্তা অফিস সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রাথমিক তথ্য অনুসারে, আগ্নেয়াস্ত্রের গুলিতে ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।'

এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার সহিংসতার নিন্দা জানিয়েছে এবং এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করেছে।

ইত্তেফাক/এসকে