অনুশীলনে ফিরেছেন এমবাপে, ম্যাচে ফিরতে আরও দেরি

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৩০

অনুশীলনে ফিরলেও কিলিয়ান এমবাপে ম্যাচে ফিরতে পারছেন না এখনই। অসুস্থতার ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফরাসি ফরোয়ার্ডকে ম্যাচে পেতে রিয়াল মাদ্রিদের অপেক্ষা তাই দীর্ঘায়িত হচ্ছে আরও।

ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি এমবাপে। কোচ শাবি আলোন্সো আগে বলেছিলেন, তৃতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। রেড বুল সালসবুর্কের বিপক্ষে ম্যাচের আগের দিন ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে দলের সঙ্গে অনুশীলন করেন ২৬ বছর বয়সী তারকা। 

কিন্তু অনুশীলনের পর সংবাদ সম্মেলনে আলোন্সো জানান, এই ম্যাচেও দেখা যাবে না এমবাপেকে। অসুস্থতার পর এ দিনই প্রথম সে বুট পায়ে মাঠে নামল, কিছুটা রানিং করল। সব মিলিয়ে ভালোই করেছে। তবে এখনও পুরাপুরি সেরে ওঠেনি। অনুশীলনের পর আমরা কথা বলেছি এবং সে নিজেও মনে করছে, আরও বিশ্রাম প্রয়োজন ও পুরাপুরি সেরে উঠতে হবে, যদি আমরা পরের ধাপে যাই। আমরা শেষ ষোলোয় যেতে পারলে তাকে পাওয়া যাবে। আপাতত সে এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় আছে এবং এই ম্যাচের জন্য যথাযথ প্রস্তুত নয়।

এই টুর্নামেন্ট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর জ্বর ও গ্যাসের সমস্যায় আক্রান্ত হন এমবাপে। হাসপাতালেও যেতে হয় তাকে। সেটি থেকেই এখন সেরে ওঠার চেষ্টায় আছেন তিনি।

সালসবুর্কের বিপক্ষে রেয়ালের ম্যাচ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। দুই ম্যাচ থেকে দুই দলেরই পয়েন্ট সমান চার। গোলপার্থক্যে আপাতত গ্রুপের শীর্ষে রেয়াল। তবে কোনো দলেরই নকআউটে খেলা নিশ্চিত নয় এখনও। এই ম্যাচের ওপর নির্ভর করবে তাদের পরের ধাপে যাওয়া ও গ্রুপে অবস্থান।

নকআউটে গেলে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি কিংবা ইউভেন্তুস। অপেক্ষায় তাই কঠিন লড়াই। তবে সমীকরণ না ভেবে শুধু নিজেদের করণীয় ভাবছেন রিয়াল কোচ। তিনি জানান, কালকের ম্যাচের আগে অঙ্ক কষার ভাবনাটা বাজে। আমাদের একমাত্র লক্ষ্য গ্রুপে প্রথম হওয়া ও নিজেদের সবটুকু উজাড় করে দেওয়া। আমরা জয়ের জন্য সব চেষ্টাই করব। প্রথম কাজ হলো ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থাকা। এরপর নকআউটের আগে দল হিসেবে উন্নতির ধারা ধরে রাখা।

 

ইত্তেফাক/কেএইচ