বাফুফের ট্রায়াল কর্মসূচিতে ১৪ দেশের ৫২ ফুটবলার

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:১০

গেল মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক যেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের মধ্যে জাগিয়ে তুলেছে দেশের হয়ে খেলার নতুন উদ্দীপনা। তা দেখেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলাররা উদ্বুদ্ধ হচ্ছেন লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন বুনতে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে বাফুফে আয়োজন করতে যাচ্ছে বিশেষ একটি ট্রায়াল কর্মসূচি, যার নাম 'বাফুফে নেক্সট গ্লোবাল স্টারস'। আগামী ২৮ জুন থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন দিনব্যাপী এই ট্রায়াল। এতে অংশ নিচ্ছেন বিশ্বের ১৪টি দেশ থেকে আগত ৫২ জন তরুণ ফুটবলার।

গতকাল দুপুরে মহাখালীতে বাফুফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ট্রায়াল কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাফুফের কর্তারা। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, 'আমরা প্রবাসী ও স্থানীয় দুই ধরনের খেলোয়াড়দের সমান গুরুত্ব দিয়েই কাজ করছি। প্রবাসীরা নিজেদের খরচে দেশে আসছেন, দেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে। আমাদের টেকনিক্যাল বিশেষজ্ঞরা তাদের পারফরম্যান্স যাচাই করবেন। একই সঙ্গে দেশেও আমরা বিভিন্ন পর্যায়ের ট্রায়াল, ফেস্টিভ্যাল ও টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি।'

বিশ্বের ১৪টি দেশ থেকে যেসব ফুটবলার অংশ নেবেন এই ট্রায়ালে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ২০ জন যুক্তরাজ্য থেকে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১৪ জন, সুইডেন থেকে পাঁচ জন, কানাডা থেকে দুই জন এবং ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে ফুটবলার এসেছেন।

জানা গেছে, ট্রায়ালের প্রথম দুই দিনে প্রতিদিন দুই সেশন করে অনুশীলন করানো হবে ফুটবলারদের। এবং শেষ দিন অর্থাৎ ৩০ জুন হবে নিজেদের মধ্যকার একটি ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন দেশের শীর্ষস্থানীয় কোচরা। এই তালিকায় রয়েছেন-ছাইদ হাসান কানন, এ কে এম সাইফুল বারী টিটু, এ কে এম মারুফুল হক, জুলফিকার মাহমুদ মিন্টু, মাহবুব হোসেন রক্সি, গোলাম রব্বানী ছোটন ও আলফাজ আহমেদ। পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানান, তিন দিনের এই ট্রায়ালে প্রত্যেক খেলোয়াড়কে অন্তত ৬০ মিনিট মাঠে থাকার সুযোগ দেওয়া হবে। পারফরম্যান্স মূল্যায়নের জন্য গঠিত বিশেষ প্যানেলে থাকবেন দেশের অভিজ্ঞ কোচ ও সাবেক ফুটবলাররা। সবার অভিমতের ভিত্তিতেই হবে চূড়ান্ত বাছাই।

ইত্তেফাক/জেডএইচ