ব্লুমবার্গের কলামিস্ট ম্যাক্স হেস্টিংস একটি মতামত নিবন্ধে লিখেছেন, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে জোটে থাকতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে রাজি করানো।
তার মতে, ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগ বা ন্যাটো ত্যাগের নতুন হুঁশিয়ারি এড়াতে তাদের আনুগত্য প্রদর্শন এবং প্রশংসা করতে বাধ্য হয়েছেন।
হেস্টিংস লিখেছেন, 'গতকাল হেগে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বৈশ্বিক কৌশল নিয়ে আলোচনা করার তেমন কোনো ভান করা হয়নি। এটি কেবল ইউরোপীয় ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য মরিয়া প্রচেষ্টার চিত্রকে তুলে ধরেছে। এটি মার্কিন সম্মানিত অতিথিকে এমনভাবে তোষামোদ করেছে, যা শীতল যুদ্ধের সময়ও অভূতপূর্ব ছিল।'
তার মতে, পশ্চিমা নেতারা 'নিজেদের নীচু করতে, তুচ্ছ করতে, ব্যক্তিগতভাবে অনেক ভিন্নমত পোষণ করলেও সম্মতি প্রকাশ করতে বাধ্য ছিলেন।'
হেস্টিংস জোর দিয়ে বলেন, 'গতকাল কক্ষে প্রধান অতিথি ছাড়া আর কেউই তার (ট্রাম্পের) এই দাবি বিশ্বাস করেনি যে, মার্কিন ও ইসরায়েলি বোমা ইরানকে 'কয়েক দশক' পিছিয়ে দিয়েছে।
ইউক্রেন সম্পর্কে এই কলামিস্ট বলেন, জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা পায়, ইউরোপীয়রা তা দিতে পারে না।
তিনি যুক্তি দেন, শীর্ষ সম্মেলনে উপস্থিত প্রতিটি ন্যাটো মিত্র বুঝতে পেরেছিলেন যে, 'কেবলমাত্র তাদের এবং জেলেনস্কির আত্মসমর্পণই ইউক্রেনকে টিকিয়ে রাখতে পারে।'
হেস্টিংস উল্লেখ করেন, ইরানে মার্কিন বিমান হামলায় বেশিরভাগ ইউরোপীয়রা হতবাক হয়ে গিয়েছিল। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর 'সুরের সাথে নৃত্য হিসাবে বিবেচিত হয়েছিল'।
