করোনা আক্রান্ত হয়েও বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল শিক্ষার্থী

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:৫৭

কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাসে আক্রান্ত এক শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে তাকে কেন্দ্রের একটি পৃথক কক্ষে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়। এ সময় পরীক্ষার্থীর জন্য আলাদা পরিদর্শক এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক জানান, 'আক্রান্ত শিক্ষার্থীর নিরাপত্তা এবং অন্যদের ঝুঁকি এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সবার শেষে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে এবং সবার পরে বের করা হয়।'

কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের অধীন ছয়টি জেলার মধ্যে শুধুমাত্র এই একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাসরীন বলেন, 'আমাদের কাছে এখন পর্যন্ত একজন করোনাভাইরাসে আক্রান্ত পরীক্ষার্থীর তথ্য রয়েছে। তার পরীক্ষার জন্য পৃথক কক্ষ ও আলাদা ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।'

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, 'স্বাস্থ্যবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যাতে কোনো অনিয়ম বা ঝুঁকি তৈরি না হয়।'

শিক্ষাবোর্ড আরও জানায়, এবারের পরীক্ষায় সব পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আইএ