ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে বিভ্রান্তি, আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এনবিআরের

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:৫৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে এনবিআর জানিয়েছে, এই কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো: আল-আমিন শেখ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ডিজি-সিআইসি, কর গোয়েন্দা ইউনিট-এর কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত গুজব জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

এনবিআর জানিয়েছে, তারা অনুসন্ধানে জানতে পেরেছে, বিদেশে নিবন্ধনকৃত একটি ফোন নাম্বার এবং একটি AI software ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো মারাত্মক ফৌজদারি অপরাধ। যে বা যারা এ কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের এইসব ভুয়া মোবাইল স্ক্রিনশট দ্বারা সৃষ্ট গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর।

ইত্তেফাক/এএম