ধনকুবের জেফ বেজোসের বিয়ে, বিশ্বখ্যাত তারকাদের নিয়ে

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:৪২

বিশ্বের অন্যতম ধনকুবের, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে তিন দিনব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই বিয়েকে ঘিরে ইতোমধ্যে ভেনিসে এসে পৌঁছেছেন প্রযুক্তি জগতের কিংবদন্তি বিল গেটস, হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম, জর্ডানের রানি, মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, কিম কার্ডাশিয়ান ও ক্রিনস জেনার।

বেশ কয়েক দিন আগেই বিয়ের ভেন্যুতে এসে পৌঁছান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার। ঘুরে বেড়ানো ও কেনাকাটায় ব্যস্ত ছিলেন তারা।

Jeff Bezos, Lauren Sánchez's high-profile wedding: Festivities begin in  Venice - ABC News

শোবিজ, রাজনীতি ও ব্যবসা জগতের ২০০ থেকে ২৫০ জন শীর্ষ তারকা এই উৎসবে অংশ নিচ্ছেন। কেউ কেউ এই বিয়েকে ‘শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত বিয়ে’ হিসেবেও আখ্যা দিয়েছেন। আয়োজনটি ঘিরে ব্যয় হতে পারে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় ভেনিসের কানারেজিও জেলার ১৬ শতকের বিখ্যাত গির্জা ‘মাদোনা দেল’অর্তো’তে। এখানে উপস্থিত ছিলেন অভিজাত অতিথিরা। এই গির্জা চিত্রশিল্পী টিনটোরেটোর শ্রেষ্ঠ শিল্পকর্ম সংরক্ষণের জন্যও বিখ্যাত।

সন্ধ্যা সাড়ে চারটা থেকে মধ্যরাত পর্যন্ত নিরাপত্তার স্বার্থে শহর কর্তৃপক্ষ ঐ এলাকায় সাধারণ মানুষের চলাচল ও জলযান চলাচল বন্ধ করে দেয়।

বুধবার এক হেলিকপ্টারে করে ভেনিসে পৌঁছান ৬১ বছর বয়সি বেজোস ও ৫৫ বছর বয়সি সানচেজ। তারা উঠেছেন বিলাসবহুল আমান হোটেলে, যেখানকার একটি কক্ষ থেকে দেখা যায় বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের দৃশ্য। প্রতি রাতের ভাড়া প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা।

The wildest rumors surrounding Jeff Bezos and Lauren Sánchez's $10M  over-the-top Venice wedding

শুক্রবার সান জর্জিও নামের একটি ছোট দ্বীপে বেজোস ও সানচেজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। সিটি হলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইতালির আইনে এই অনুষ্ঠানের কোনো আইনি বৈধতা থাকবে না। তবে অনেকে ধারণা করছেন, এই দম্পতি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আইন মেনে বিয়ে সেরে ফেলেছেন। এর মাধ্যমে তারা ইতালিতে বিয়েসংক্রান্ত জটিল কাগজপত্র ও প্রশাসনিক ঝামেলা এড়াতে পারেন।

বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে শনিবার। ওই দিন আর্সেনালের একটি হলে হবে মূল অনুষ্ঠান। এটি মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল। যা বর্তমানে পূর্ব কাস্তেলো জেলায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এটি বেজোসের দ্বিতীয় বিয়ে। সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট তার প্রথম স্ত্রী। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সানচেজেরও এটি দ্বিতীয় বিয়ে। তার সাবেক স্বামী প্যাট্রিক হোয়াইটসেল মেধাবী উদ্যোক্তাদের সহায়তাকারী প্রতিষ্ঠান ‘এন্ডেভার’-এর নির্বাহী চেয়ারম্যান। তাদেরও ২০১৯ সালে বিচ্ছেদ হয়।

ইত্তেফাক/এনএন