নাটোরের বড়াইগ্রামে আবির হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত সোয়া ৯টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার।
নিহত আবির হোসেন (৯) বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আবিরের স্বজনদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় স্বজনরা এলাকার আশেপাশে খোঁজ করে তার সন্ধান পায়নি। পরে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের খোলা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার পাশেই ঘাসের উপর পড়ে থাকতে দেখা যায় রক্ত। এরপর আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে মশলা মিলের পাশেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ওসি গোলাম সারওয়ার বলেন, ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেঁতলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

