মিয়ানমারে বৃষ্টি মাথায় নিয়েই অনুশীলন আফঈদাদের

আপডেট : ২৭ জুন ২০২৫, ১৫:৩১

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর বাছাইপর্বের 'সি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাহারাইনের বিপক্ষে মাঠে নামবে আগামী ২৯ জুন। ম্যাচের প্রায় দিন চারেক আগেই গেল বুধবার বাংলাদেশ দল মিয়ানমারে পা রেখেছে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেখানে আফঈদাদের পিছুই ছাড়ছে না বৃষ্টি। সেই কারণে গেল পরশু জিম সেশন করেই কাটিয়েছে মেয়েরা। দ্বিতীয় দিনও ছিল একই অবস্থা। পরে বৃষ্টি মাথায় নিয়েই দল করেছে অনুশীলন।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন। এই চার দলের মধ্যে গ্রুপ সেরা দলই কেবল আগামী বছর নারী এশিয়ান কাপ খেলার সুযোগ পাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশের প্রধান বাধা স্বাগতিক মিয়ানমার। নারী ফুটবলে যাদের র‍্যাংকিং ৫৫। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পাওয়ার সাহস নিয়েই দেশ ছেড়েছেন আফঈদারা। লক্ষ্য একটাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করা। তাই বৃষ্টি বাধা উপেক্ষা করেই গতকাল স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মিয়ানমারের ইয়াঙ্গুনে ট্রেনিং ফিল্ড ১-এ অনুশীলন করেছে আফঈদারা।

বাফুফের দেওয়া ভিডিও বার্তায় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, 'মায়ানমারে আসার পর থেকেই মনোযোগ দিয়ে আমরা অনুশীলন করছি। কোচ যেভাবে দিকনির্দেশনা দিচ্ছে, তা মেনেই আমরা অনুশীলন করছি। সবাই বেশ ফুরফুরে মেজাজেই প্রস্তুতি নিচ্ছে।' এ সময় বৃষ্টির মধ্যে নিজেদের করা অনুশীলন নিয়ে বলেন, 'বৃষ্টিতে অনুশীলন করতে ভালো লাগছে। যেহেতু ম্যাচের কয়েক দিন আগে এসেছি তাই ধীরে ধীরে আবহাওয়ার সঙ্গে আমরা নিজেদের মানিয়ে নিচ্ছি।'

এদিকে মিয়ানমারে পৌঁছানোর পর এখন পর্যন্ত দলের সব খেলোয়াড় সুস্থ, ফিট এবং মনোবল চাঙা রয়েছে। অনুশীলনে খেলোয়াড়দের উদ্যম ও মনোযোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচিং স্টাফ। স্থানীয় পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা এবং আসন্ন ম্যাচগুলোর জন্য তারা দৃঢ় মানসিকতা বজায় রাখছেন। 

ভিডিও বার্তায় দলের সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, 'এখানে আসার পর প্রথম দিন প্রচণ্ড বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। তাই শুধু জিম সেশন করেই কাটিয়েছি। তবে আজকে (গতকাল) মাঠে এসে অনুশীলন করেছি। যদিও আজকেও প্রচুর বৃষ্টি এর মধ্যেই আমাদের যে কার্যক্রম রয়েছে তা পুরোপুরি করেছি মাঠে। এখন দলের সবাই সুস্থ এবং ভালো রয়েছে।'

ইত্তেফাক/জেডএইচ