নিজের তোশক নিয়েই বার্মিংহ্যামে রাহুল, ঘুমে আপস নয়

আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮:৫৪

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। হেডিংলিতে প্রথম টেস্ট শেষ হওয়ার পর এবার সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য বার্মিংহ্যামে পাড়ি জমিয়েছে দুই দল। সফরের এই অংশে একটি ছোট্ট কিন্তু আকর্ষণীয় ঘটনা নজর কেড়েছে সবার—ব্যাটার ও উইকেটকিপার লোকেশ রাহুল বার্মিংহ্যাম সফরে সঙ্গে করে নিয়ে গেছেন নিজের পছন্দের তোশক।

সাধারণত ইংল্যান্ডের হোটেলগুলোতে থাকা বিছানার তোশক বেশ নরম হয়ে থাকে, যা অনেক ক্রিকেটারের জন্য আরামদায়ক না-ও হতে পারে। রাহুলের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভালো ঘুম এবং শরীরচর্চার জন্য ঘুমের মানে আপস করতে নারাজ রাহুল নিজের মতো করে ব্যবস্থা করে নিয়েছেন—সঙ্গে এনেছেন নিজের তোশক, যাতে ক্লান্তি ঝেড়ে নিয়ে মাঠে সর্বোচ্চ দিতে পারেন।

রাহুলের এই বাড়তি সচেতনতা তার প্রস্তুতির প্রতি মনোযোগেরই প্রতিফলন। সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে পৌঁছে অনুশীলন শুরু করতে চেয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি এক সাক্ষাৎকারে বলেন, 'রাহুল আমাকে বলেছিল, ‘এই দলটার জন্য আমি থাকতে চাই।’ ওর চোখে স্বপ্ন ছিল, কিছু করে দেখানোর জেদ ছিল। ইংল্যান্ড সিরিজ নিয়ে ওর প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই।'

এমন প্রস্তুতি কেবল খেলার পারফরম্যান্সেই নয়, ক্রিকেটারদের দৈনন্দিন জীবনযাত্রায়ও ইতিবাচক প্রভাব ফেলে—রাহুল যেন তারই উদাহরণ।

ইত্তেফাক/আইএ