ইনিংস হারে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষলেন শান্ত 

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:৫২

গল টেস্ট ড্র করলেও দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তাই কলম্বো টেস্ট জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় লড়াইও করতে পারেনি সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৫৮ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ।

এমন হারের পর প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষছেন গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের এই (ম্যাচেও) সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’

ম্যাচ হারলেও আগে ব্যাট করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

আগে থেকেই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্ব ছাড়বেন শান্ত। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। কলম্বো টেস্ট হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

ইত্তেফাক/জেডএইচ