চিত্রশিল্পী থেকে কণ্ঠশিল্পী তৌহিদ শিমুল এবং তার ‘কাঠের পুতুল’

আপডেট : ২৮ জুন ২০২৫, ১৯:৫১

এসময়ের প্রথিতযশা চিত্রশিল্পী তৌহিদ শিমুল ভালো ছবি আঁকেন এ কথা সবারই জানা, কিন্তু শখের বশে গান লেখা, সুর করা এবং সে গান গাইতে গাইতে তিনি একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী হয়ে উঠেছেন এটা অনেকেরই অজানা।

সম্প্রতি জি-সিরিজ এর ব্যানারে মুক্তি পেয়েছে তৌহিদ শিমুলের নিজের লেখা, সুর ও কণ্ঠে ‘কাঠের পুতুল’ শিরোনামের মৌলিক গান। গানটির ইংরেজি সূচনা-কন্ঠ দিয়েছেন ত্বাইরান তৌহিদ রাজ। ষ্টুডিও MBros Record এ ধারণকৃত গানটি অভিজিৎ জিতু ও রাজেশ মজুমদারের যৌথ কম্পোজিশনে ভিন্নমাত্রা পেয়েছে। গানটিতে ভায়োলিন বাজিয়েছেন সুনীল চন্দ্র দাস, বাঁশিতে ছিলেন মামুনুর রশিদ এবং মিক্স মাস্টারিং করেছেন রাজেশ মজুমদার। গানটির ভিডিও ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের নানা মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে। গানটি ঈদুল আজহা উপলক্ষে অগ্নিবীণা ও জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

শিল্পী তৌহিদ শিমুল। ছবি: সংগৃহীত

গান প্রসঙ্গে শিল্পী তৌহিদ শিমুল বলেন, ‘চলমান ধারাকে ভেঙে ফোক, পাহাড়ি এবং ওয়েস্টার্ন অর্কেস্ট্রার মিশেলে তৈরী হওয়া এই গান সকল শ্রোতামহলের জন্য উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘ভিনদেশী নানান সংস্কৃতির আগ্রাসনে এই বিপন্ন সময়ে গানটি কিছুটা হলেও বাংলা গানের চিরায়ত স্বতন্ত্র, স্বকীয় সৌন্দর্যকে প্রতিফলিত করবে।’

শিল্পী তৌহিদ শিমুলের জন্ম ফেনী জেলায়। ছোটবেলা থেকেই পারিবারিক বলয়ে শিল্প সংস্কৃতির নানান শাখায় নিজেকে সম্পৃক্ত রাখার অবাধ স্বাধীনতায় বেড়ে উঠেছেন। নিজ জেলায় মাধ্যমিক এর পর্ব শেষে ঢাকায় উচ্চমাধ্যমিক এবং তৎপরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় (পেইন্টিং বিভাগ) সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ২০১১ সালে AOTS-HIDA জাপান  আয়োজিত ‘প্রোডাক্ট ডিজাইন ম্যানেজমেন্ট’(PDM) এর উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এই শিল্পী।

শিল্পী তৌহিদ শিমুল। ছবি: সংগৃহীত

পেশাগত জীবনে ২০০৪ হতে ২০১৯ সাল পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন মটোরোলা, এল জি, এলকাটেল, টি সি এল  ইত্যাদির ব্র্যান্ড ম্যানেজমেন্ট এর উপর বিশেষ দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া চিত্রশিল্পীদের কম্যুনিকেশন ডেভেলপমেন্ট এর জন্য ২০২০ সালে ‘জোবরা দি আর্ট ভিলেজ’ শিরোনামে একটি আন্তর্জাতিক প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন শিল্পী তৌহিদ শিমুল।

শিল্পচর্চায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করলেও পেইন্টিং এর পাশাপাশি সংগীতকে বিশেষ পছন্দের জায়গায় রেখেছেন তিনি। তাই ইতিমধ্যে নিজের লেখা, সুর ও কণ্ঠে প্রায় ডজনখানেক মৌলিক গান গেয়েছেন এই শিল্পী। সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছবি আঁকার পাশাপাশি গানে ডুবে থাকতে ভালোবাসেন শিল্পী তৌহিদ শিমুল।

ইউটিউবে তৌহিদ শিমুলের ‘কাঠের পুতুল’ গানটি শুনতে এখানে ক্লিক করুন

ইত্তেফাক/এসএ