আগের চেয়ে উন্নতি করেছে বাংলাদেশ— দাবি শান্তর

আপডেট : ২৮ জুন ২০২৫, ১৬:৩২

গত বছর বিদেশের মাটিতে একাধিক টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয় পেয়েছিল টাইগাররা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করে বাংলাদেশ। তবে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারে সমালোচিত হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন আগের চেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।

শান্ত বলেন, 'আপনি যদি শেষ দুই-এক বছরের টেস্ট দল দেখেন, আমরা দেশের বাইরে এসে এখন জিতছি বা ড্র করছি। আগের থেকে যদি আপনি বলেন, আগের থেকে ভালো হয়েছে। তবে ধারাবাহিকতার জায়গায় ঘাটতি আছে। খেলায় হার-জিত থাকবে।'

সদ্য সাবেক টেস্ট অধিনায়ক আরও বলেন, 'আমার মনে হয় যে, প্রথম টেস্টটি আমরা যেভাবে ডমিনেট করে খেললাম, এই টেস্টটা আরেকটু ভালো খেলতে পারতামম ডমিনেট করে খেলতে পারতাম তাহলে উন্নতির জায়গাটা আমরা দেখতে পেতাম।'

স্পিনারদের প্রশংসা করে শান্ত বলেন, 'আমার মনে হয় নাইমের বোলিংটা আমরা এই সিরিজ থেকে নিতে পারি। সাতটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। ডিফিকাল্ট, এভাবে ভালো পারফর্ম করা, স্পেশালি এই টেস্ট ম্যাচের শুরুর কয়েকটা ওভার ভালো না করার পরে, যেভাবে তৃতীয় দিনে বোলিং করে কামব্যাক করেছে। আমরা জানি যে, তাইজুল ভাই দলের জন্য ৪০-৪৫ ওভার করে বল করে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার।'

ইত্তেফাক/জেডএইচ