চাকরি মেলা থেকে নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার

আপডেট : ২৮ জুন ২০২৫, ১৯:০৪

কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ বাংলাদেশের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকালে রাজশাহীর নভোথিয়েটারে অনুষ্ঠিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। 

মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই চাকরিপ্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে সিভি জমা পড়ছে। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। অন্তত এক হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়।

এদিকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে সহায়তা করে আসছে।

ইত্তেফাক/এনটিএম/এমএএস