হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদির বাড়িতে হাতবোমা নিক্ষেপ

আপডেট : ২৮ জুন ২০২৫, ২১:০৩

বরিশালের মুলাদীতে হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে আসামি ও তাদের লোকজন হামলা চালিয়েছে। এতে আব্বাস হাওলাদারের চাচা মোবারক হাওলাদারসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের আব্বাস হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

একই গ্রামের মৃত কলম সরদারের ছেলে কামাল সরদার ও জামাল সরদারের নেতৃত্বে ৫০-৬০ জন দুর্বৃত্ত হামলা চালায় বলে আব্বাস হাওলাদার দাবি করেছেন। একই গ্রামের আব্দুর রব হাওলাদার হত্যা মামলায় আসামি রয়েছে কামাল সরদার ও জামাল সরদারসহ ১৯জন। বর্তমানে তারা জামিনে রয়েছেন বলে জানিয়েছেন আব্বাস। 

আব্বাস হাওলাদার জানান, ২০২২ সালের ২২ আগস্ট দুপুরে তার বাবা আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। ওই ঘটনার পরদিন কামাল সরদার, জামাল সরদারসহ ২৯ জনকে আসামি করে মুলাদী থানায় তিনি মামলা দায়ের করেন। ওই মামলায় কামাল ও জামাল সরদার ২০ মাস কারাগারে ছিলেন। গত ৪ মে জামিনে বের হয়েছেন তারা। এলাকায় ফিরেই কামাল জামাল হত্যা মামলা তুলে নিতে চাপ দেয়। শুক্রবার বিকেলে মামলা তুলতে রাজি না হওয়ায় ৫০-৬০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা দুটি হাতবোমা নিক্ষোপ করে বাড়িতে ঢুকে ঘর ভাংচুর করে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে মোবারক হাওলাদারসহ পাঁচজন আহত হন। 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনটিএম/এমএএস