কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা

আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:৪১

চট্টগ্রামে আকবর শাহ থানায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় রায়হান নামের এক যুবক হাতেনাতে ধরা পড়লে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। রোববার (২৯ জুন) বেলা তিনটার দিকে থানার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার মেয়েকে গলায় ছুরি ধরে বাসার পাশের একটি পাহাড়ে নিয়ে যান রায়হান, সেখানে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তার মেয়েকে উদ্ধার করেন। বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেন।

স্থানীয় এক যুবক বলেন, রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই কাজ করেছে। সে এলাকায় এসে চুরি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক নারী এনজিও কর্মী বলেন, আমি এখানে সার্ভে করার জন্য এসেছি। দেখি মানুষ জড়ো হয়ে আছে। মেয়েটির চোখেমুখে রক্ত। বিবস্ত্র অবস্থায় ছিল মেয়েটি। পরে আমরা পুলিশকে খবর দিই।

এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার শিকার কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এনটিএম