ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৩

আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:১২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩৮৩ জন। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন রয়েছেন।          

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছেন। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। যার মধ্যে পাঁচ হাজার ৮২৫ জন পুরুষ ও চার হাজার ৪২ জন নারী রয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছেন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

 

ইত্তেফাক/এনটিএম/এমএএস