নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:৪৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক আরিফুল ইসলাম মণ্ডল (১৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। 

এসময় প্রায় সাড়ে ৩ কিলোমিটার দুরে কাশিমবাজার এলাকায় একটি পাকা সড়কের ধার থেকে নিহত আরিফুলের অটোরিকশাটি ব্যাটারি বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

নিহত আরিফুল মণ্ডল একই উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে আরিফুল ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মোবাইলে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পায়। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয়রা ওই বিলে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে।

সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সেলিম রেজা জানান, নিহত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তার অটোরিকশার ব্যাটারিগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে। পরে লাশ এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

ইত্তেফাক/এএইচপি