ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৯ জুন ২০২৫, ১৯:৫৯

গাইবান্ধার একটি উপজেলায় গোপনে এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে রায়হান রহমান (২০) ও শাকিল আহমেদ ওরফে মিম (২৫) নামে দুই যুবক।

এই অভিযোগে শনিবার (২৮ জুন) রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় এই মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত রায়হান রহমান উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের জুগীপাড়ার মিলন প্রামাণিকের ছেলে ও শাকিল আহমেদ ওরফে মিম একই ইউনিয়নের কান্তানগর গ্রামের সাজু মিয়ার ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে ওই স্কুলছাত্রী টিউবওয়েলের পারে গোসল করে। এ সময় ওই দৃশ্য রায়হান রহমান তার মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করে। পরে রায়হান ভিডিওটি তাকে দেখায় এবং তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এক পর্যায়ে ভিডিওটি ফোন থেকে ডিলিট করার আশ্বাস দিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এরপর আরও দুই দিন তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে। 

তিনি আরও জানান, গত ২৪ জুন স্কুল ছুটির পর রায়হানের বন্ধু শাকিল আহমেদ তার সাথে জরুরী কথা বলার জন্য ওই স্কুলছাত্রীকে স্কুলের অদূরে ডেকে নিয়ে গিয়ে ওই (গোসল ও ধর্ষণের) ভিডিওগুলো দেখায়। এবং এসব ভিডিও ফোন থেকে ডিলিট করে দিবে এমন আশ্বাস দিয়ে কান্তানগর বাজারের পাশে তার দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাকিল। সেখান থেকে বাড়িতে এসে ওই স্কুলছাত্রী এসব ঘটনা তার অভিভাবকদের জানান।

ওসি বলেন, ওই স্কুলছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি